ডট বাংলা-ডট বিডি ডোমেইন নবায়নে বিলম্ব মাশুল মওকুফ

৫ এপ্রিল, ২০২০ ১৬:০৫  
তিন মাসের জন্য ডট বিডি এবং ডট বাংলা ডোমেইন নবায়নে বিলম্ব মাশুল মওকুফ করা হয়েছে। কভিড-১৯ এর বৈশ্বিক সংকটের সৃষ্ট প্রভাব বিবেচনায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এর নির্দেশে রোববার এই সিদ্ধান্ত নিয়েছে বিটিসিএল। এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানিয়েছেন, “বাংলাদেশের ডমেইন নাম .bd এবং .বাংলা রিনিউ করার ক্ষেত্রে গত ১লা মার্চ থেকে আগামী ৩০ জুন ২০২০ পর্যন্ত কোন বিলম্ব ফিস নেয়া হবেনা। কেউ যদি এই সময়ে বিলম্ব ফিস দিয়ে থাকেন তবে সেটি ফেরৎও পাবেন।” এর আগে ২০১৮ সালের ৭ মার্চ থেকে ডট বাংলা (.Bangla) ও ডট বিডি (.BD) ডোমেইনের দাম কমিয়ে আনা হয়। ইতোপূর্বে এই দুটি ডোমেইন প্রিমিয়াম ক্যাটাগরিতে বার্ষিক বিক্রয় মূল্য ছিলো যথাক্রমে ৫ হাজার এবং ১৫ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত। কিন্তু নতুন এ ঘোষণায় পূর্বমূল্য কমিয়ে সকলের জন্য একটি মাত্র ক্যাটাগরিতে বার্ষিক বিক্রয় মূল্য মাত্র ৮০০ টাকা নির্ধারণ করা হয়। ২০১৭ সালে বাংলাদেশি ডোমেইন ডট বাংলার ২০১৮ সালের মার্চ পর্যন্ত দীর্ঘ ১ বৎসর যাত্রার পরেও ব্যবহার ছিলো অসন্তোষজনক।